কারবালা – ৪৪
কারবালার ইতিহাস (পর্ব -৪৪)
📚শামে কারবালা
📚শামে কারবালা
একটি রাতের অবকাশ—
৬১ হিজরী, মুহররম ৯, বৃহস্পতিবার
ইমামে আলী মকাম তরবারী সমেত নিজ তাঁবুতে বসে দুই জানুতে মাথা রেখে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, ওদিকে ইবনে সা'দ নিজ সৈন্যদের আহ্বান করল, "হে, আল্লাহর সিপাহীরা দুশমনের উপর হামলা করতে তৈরী হয়ে যাও, ঘোড়ায় সওয়ার হয়ে যাও।” এ আহ্বানে ইয়াযীদ বাহিনীর মধ্যে শোর পড়ে গেল। শোরগোল শুনে ইমাম হোসাইন (রাদিঃ) এর সহোদরা সাইয়্যিদা যয়নব (রাদিঃ) নিকটে এসে তাঁকে জাগিয়ে দিলেন। দু'জানু থেকে মাথা উঠিয়ে ইমাম বললেন,
“আমি এখনই রাসুলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়আলিহী ওয়াসাল্লাম) উনাকে স্বপ্নে দেখলাম, তিনি আমাকে বলছেন “নিশ্চয় তুমি আমাদের কাছে আসছো।” এটা শুনে তাঁর বোন কেঁদে উঠে বললেন, “হায়রে মূসীবৎ!” ইমাম বললেন, “না বোন, এটা তোমাদের জন্য মুসীবত নয়; আল্লাহ তোমার প্রতি রহমত করুন। ধৈর্য্য ধরে নিরব থেকো।”
হযরত আব্বাস (রাদিঃ) বললেন, “ভাইয়া, লোকগুলো আপনার দিকে আসছে।" ইমামও তাদের দিকে এগিয়ে যেতে উঠে পড়লেন। হযরত আব্বাস বললেন, “না, আপনি যাবেন না, আমিই যাচ্ছি।”
তিনি বললেন, “তোমার জন্য উৎসর্গ হই, ঠিক আছে, যাও ভাই, তাদের উদ্দেশ্যটা কি জেনে আসো। তারা এখানে আসতে চায় কেন?”
হযরত আব্বাস বিশজন অশ্বারোহীকে সাথে নিয়ে তাদের কাছে আসলেন, যাঁদের মধ্যে যুহাইর বিন কায়েন এবং হাবীব ইবনে মুজাহেরও ছিলেন
জিজ্ঞেস করা হল তারা কী চায়? তারা ইবনে যিয়াদের হুকুম জানিয়ে দিল। আরো বলল, “তার হুকুম শিরোধার্য করে নাও, নচেৎ যুদ্ধ করতে এবং কতল হতে প্রস্তুত হয়ে যাও। হযরত আব্বাস বলেন, “একটু থামো, তাড়াহুড়ো করবেনা, আমি ইবনে রাসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহী ওয়াসাল্লাম) উনাকে তোমাদের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করছি।” তিনি ইমামকে অবহিত করলেন, ইমাম বললেন, “তাদেরকে বলো, আমাদের যেন একটি রাতের অবকাশ দেয়, যাতে ঐ রাতে আমরা ভাল করে নামায পড়ে নিতে পারি। প্রার্থনা করে নিই এবং তাওবা ও ইস্তেগফার করি। আল্লাহ তা'য়ালা ভালোই জানেন যে নামায, তেলাওয়াত এবং দুআ' ইস্তেগফারের সাথে আমার কতখানি অন্তরের সম্পর্ক। পাশাপাশি নিজ পরিবার- পরিজনের উদ্দেশ্যে কিছু অন্তিম উপদেশও দিয়ে যেতে চাই।” হযরত আব্বাস গিয়ে ইবনে সা'দ এর বাহিনীকে বললেন, “আমাদের একটি রাতের অবকাশ দাও, যাতে রাতের মধ্যে কিছু ইবাদত করে নিতে পারি। আর এ বিষয়টি নিয়ে আমরা আরো কিছু চিন্তা ভাবনা করে দেখি। পরে যা সিদ্ধান্ত হবে সকালে তোমাদের জানিয়ে দেব।” তারা একথা মেনে নিল
পরবর্তী পর্ব -
সহযাত্রীদের উদ্দেশ্যে ইমামের ভাষণ ও জবাব

Comments
Post a Comment